দুদক কমিশনারদের জবাবদিহির ধারা কেন বাতিল নয়: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনারগণ সংস্থাটির চেয়ারম্যানের নিকট জবাবদিহিতা করবেন মর্মে আইনের ১২ এর ২ ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয় সচিব, দুদক চেয়ারম্যান ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
বিচারপতি মইনুল ইসলাম চোধুরী ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ এ রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. কামাল হোসেন দুদক আইনের ১২(২) ধারার বৈধতা চেলেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
 
এই ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।
রিট আবেদনে বলা হয় এই জবাবদিহিতা শব্দটি থাকার কারণে কমিশনাররা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।