জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর নামক স্থানে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় পাঁচজন নিহতের ঘটনায় এক শ ৩২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে রংপুর-ঢাকা মহাসড়কের ওই স্থানে কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমা হামলায় শিশুসহ পাঁচজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২ জন। এ ঘটনায় মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আব্দুর রাজ্জাক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম দীর্ঘ পাঁচ মাস তদন্ত শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা এনামুল হকসহ ১৩২ জনের নামে আদালতে অভিযোগ দাখিল করেন। এদের মধ্যে ৪৯ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ইতিমধ্যে, অনেককে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অপর আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।