নরসিংদীতে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর নাম নির্মল সাহা (৫০)। রবিবার দুপুরে শহরের দেশপ্রিয় রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নির্মলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের মধ্যকান্দাপাড়া মহল্লার সুতা ব্যবসায়ী নির্মল সাহা ডাচ বাংলা ব্যাংক নরসিংদী বাজার শাখা থেকে টাকা উত্তোলন করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে চাপাতি দিয়ে কোপায় তাকে। তার সঙ্গে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী নির্মল সাহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।