রাজধানীর কাফরুলের পূর্ব কাজীপাড়ার একটি বাসায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।
রবিবার সকালে ওই ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই মো. সজীব (১৫) পলাতক রয়েছে। নিহত বড় ভাই সুমনের (৩৫) মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মাথায় গুরুতর জখমের চিক্র রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নিহত সুমন মাদকাসক্ত ছিলেন। তিনি বেশির ভাগ সময় বাসার বাইরে থাকলেও মাঝেমধ্যেই মাদকের টাকা জোগাড়ে বাসার মালামাল বিক্রি করে দিতেন। সুমন সকালে বাসা থেকে আসবাবপত্র নিয়ে বের হওয়ার সময় সজীব তাকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। এরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে।
সুমনের মেঝ ভাই মো. সুজন জানান, তারা পূর্ব কাজীপাড়ায় ইটখোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। মাদকসক্ত বড় ভাই বাসা থেকে আসবাবপত্র নিয়ে বিক্রি করতে বেরুনোর সময় সজীব বাধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ পর্যায়ে সজীব ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ব্যাট দিয়ে বড় ভাই সুমনের মাথায় আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে চিকিত্সক তার ভাইকে মৃত ঘোষণা করে।
কাফরুল থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, সুমনকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তার তদন্ত চলছে। অভিযুক্ত সজীব পলাতক থাকায় তার মেঝ ভাই সুজন ও জুয়েল নামে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।