রাজধানীর বাড্ডার আনন্দনগরের একটি বাসা থেকে শাহীন ইসলাম (২০) ও রুবি আক্তার (১৮) নামে এক নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়। গত বুধবার তারা বিয়ে করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ধারণা, অল্প বয়সী স্বামী-স্ত্রীর মান-অভিমানে শাহীন-রুবি গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তারা টিনসেড ঘরের ফ্যানের হুকের সঙ্গে ফাঁস দেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের সময় কক্ষের দরজাটি ভেতর থেকে আটকানো ছিল। দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এ থেকে ধারনা করা হচ্ছে, ওই নব দম্পতি আত্মহত্যাই করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছে।
স্বজনদের উদ্ধৃত করে পুলিশ জানায়, শাহীনের সঙ্গে রুবির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে তা পরিবারের সদস্যরা মেনে নেয়নি। গত বুধবার শাহীন রুবিকে বিয়ে করে। শাহীনের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গাপুরে। অপরদিকে রুবির বাড়ি মাদারীপুর জেলার কালকিনিতে।