সাতক্ষীরায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' তিন মানব পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত পাচারকারীরা হলেন- সাতক্ষীরা সনদর উপজেলার বকচরা গ্রামের সিরাজ গাজীর ছেলে আব্দুল আলিম (৩০), কাশেপুর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪০) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার মধ্যম বরিশাল গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে জিয়াউল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী সীমান্ত এলাকায় কয়েকজন মানব পাচারকারী গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর অন্যান্য পাচারকারীরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল আলিম, আব্দুস সালাম ও জিয়াউল ইসলামকে আটক করে। পরে চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিন পাচারকারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে তিনি জানান।