বাজেটের বড় সমস্যা অপচয় ও দুর্নীতি: অর্থ প্রতিমন্ত্রী

 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজেটের সবচেয়ে বড় সমস্যা অপচয় ও দুর্নীতি। তাই এগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে বাজেটের বাস্তবায়ন কখনোই পূর্ণাঙ্গতা পাবে না।
 
রবিবার জাতীয় সংসদ ভবনস্থ মন্ত্রী হোস্টেলের সম্মেলন কক্ষে সুপ্র আয়োজিত বাজেট ঘোষণা পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, আমাদের দেশ দুর্যোগপূর্ণ একটি দেশ। এখানে প্রযুক্তির অভাব রয়েছে এবং শিশু মৃত্যুর হারও বেশি। এসকল সমস্যার সমাধানে সকলকে একযোগে কাজ করতে হবে। আইন বানানো আমলাদের কাজ তাই আমাদের উচিত তাদেরকে ভয় না পেয়ে তাদের কাজের সাথে একাত্মতা প্রকাশ করা ও  সহযোগিতা করা।
 
সুপ্র’র চেয়ারপার্সন আহমেদ স্বপন মাহমুদের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
 
তিনি বলেন, জেলা বাজেটের বিষয়ে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে জেলা বাজেটের বিকল্প নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এবছরের বাজেটে জেলা বাজেটের কথা কোথাও উল্লেখ নেই। সভায় বিশেষ সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, নাজমুল হক প্রধান, বেগম সানজিদা খানম, মো. রুস্তম আলী ফরাজী, নাভানা আক্তার এবং মোসাম্মত্ সেলিনা জাহান লিটা বক্তব্য রাখেন।
 
পর্যালোচনা সভায় অতিথিবৃন্দ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা, শিক্ষা, কৃষি, জলবায়ু, সামাজিক নিরাপত্তা এবং নারী ও শিশু পাচারের মত বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম সুপারিশ তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার ব্যাপক প্রত্যাশা ও সময়ের বাস্তবতা মোকাবেলায় বাজেটে করের পরিধি বাড়লেও প্রয়োজনীয় সেবাখাত বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। বাজেট পর্যালোচনায় বলা হয়, বাজেটের পূর্ণ ও সঠিক বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে রাজস্ব ব্যবস্থাপনার দক্ষতা যেমন জরুরি তেমনি দুর্নীতি হ্রাস, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ অত্যাবশ্যক। বাজেট বাস্তবায়নের জন্য উন্নয়ন প্রশাসনকে গতিশীল এবং স্থানীয় সরকার কাঠামোকেও শক্তিশালী করাসহ সকল পর্যায়ে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে। কাঠামোগত সংস্কারের মাধ্যমে জেলা বাজেট বাস্তবায়ন করতে হবে।