অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক দরপত্রে চীন এখন সবচেয়ে বড় প্রতিযোগী। অনেক কম খরচে তারা প্রকল্প বাস্তবায়নের দরপত্রে অংশগ্রহণ করে থাকে। ফলে তাদের বাদ দেয়াটা কঠিন। একই সঙ্গে তাদের দরপত্রে অর্থায়নেরও প্রস্তাব থাকে। কাজ পাওয়ার ক্ষেত্রে এটা এক ধরনের অগ্রাধিকার।
ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত সোফি অবার্টের সাথে সচিবালয়ে বৈঠকের পর রবিবার অর্থমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে অর্থমন্ত্রী চীনকে বড় প্রতিযোগী উল্লেখ করে এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের একটি ভাল উন্নয়ন অংশীদার। ফ্রান্সের একটি দাতাসংস্থা ও ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে মিলে বাংলাদেশে অনেক কাজ করছে। ফ্রান্সের রাষ্ট্রদূত অর্থনৈতিক সহযোগিতা আরো বাড়ানোর পাশাপাশি স্যাটেলাইট প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।