গুডবাই স্যার লি

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা স্যার ক্রিস্টোফার লির প্রয়াণে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে চলছে শোকের মাতম। শ্রদ্ধা আর স্মরণে তার চলচ্চিত্র যাত্রা ও অবদান সম্পর্কে স্মৃতি রোমন্থন করছেন বিশ্বের বড় বড় তারকা শিল্পীরা। জানা গেছে, ১১ জুন বৃহস্পতিবার মহান এই অভিনেতা মৃত্যুবরণ করেন।

হলিউডের বিখ্যাত ‘লর্ড অব দ্য রিং’ সিরিজের সারুয়ান চরিত্রের জন্য জনপ্রিয় এই প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকে মূহ্যমান হলিউডসহ পৃথিবীর সকল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকারা।

 

ক্রিস্টোফার লির মৃত্যুতে আবেগাপ্লুত বলিউড সুপারস্টার বিগ বি অমিতাভ বচ্চনও। তিনি ক্রিস্টোফার লির সাথে কাটানো সময়ের স্মৃতি রোমন্থন করে তার ব্লগে লিখেন, ‘বেশ কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জুরি সদস্য হিসেবে আমার আমন্ত্রণ ছিল। সেখানে প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে ছিলেন স্যার ক্রিস্টোফার লি। ওই প্রতিযোগিতায় আমি তার সাথে কিছু স্মরণীয় মুহূর্ত কাটানোর সৌভাগ্য অর্জন করেছিলাম। তার সাহচর্য অসাধারণ। যা কখনো ভোলার নয়।’

 

উল্লেখ্য, স্যার ক্রিস্টোফার লির জন্ম লন্ডনে ১৯২২ সালের ২৭ মে। তার বাবা ছিলেন ব্র্রিটিশ সামরিক বাহিনীর অফিসার। লি যখন ছোট, তার মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মা এস্টেলা মারি কারান্ডিনি পরে বিবাহ করেন জেমস বন্ড স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের কাকা হারকোর্ট রোজকে।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লি রয়্যাল এয়ার ফোর্সে যোগ দেন। এক তুতো ভাইয়ের পরামর্শে ১৯৪৭ সালে অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৫৮ সালে ‘ড্রাকুলা’তে নামভূমিকায় অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। এর পর ১৯৭৬ সাল পর্যন্ত ‘ড্রাকুলা’ সিরিজের আরও আটটি ছবিতে অভিনয় করেন। লি-র অবশ্য ‘হরর’ শব্দটি অপছন্দ ছিল। তিনি বলতেন, ‘আমি ফ্যান্টাসি ছবিতে অভিনয় করি। রোমান্টিক নায়ক নই, আমি চরিত্রাভিনেতা হওয়ারই স্বপ্ন দেখতাম।’ সাড়ে ছ’ফুট উচ্চতা এবং ভারী কণ্ঠস্বরের জন্য লি বিখ্যাত ছিলেন।