একই ঘরে পাঁচদিন আটকে রাখা হলো অর্জুন কাপুর ও কারিনা কাপুরকে। গুজব নয়; বাস্তবেই এ ঘটনা ঘটালেন পরিচালক আর বালকি।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, কারিনা বয়সে ছোট অভিনেতার বিপরীতে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করছিলেন না। তাই করিনাকে চরিত্রে নিয়ে আসার জন্যেই অর্জুনের সঙ্গে ইচ্ছাকৃতভাবে একটি ঘরে আটকে রেখেছিলেন আর বালকি।
আর বালকির আগামী ছবিতে দেখা যাবে কারিনা কাপুর ও অর্জুন কাপুরের জুটিকে। এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন কারিনা ও অর্জুন। যেখানে কারিনা হবে বাইরে কাজ করতে যাওয়া স্ত্রী এবং অর্জুন হবেন বেকার বাড়িতে বসে থাকা স্বামী। ছবিতে এমন বহু দৃশ্য থাকবে যেখানে কারিনা ও অর্জুনকে একে অপরের সঙ্গে ঝগড়া, তর্ক করতে দেখা যাবে। আর তাই সেই দৃশ্যগুলিতে বাস্তবিকতা আনতেই এই অভিনব প্রচেষ্টা।
বালকির আগের ছবি শামিতাভ বক্স অফিসে সেভাবে সাড়া জাগাতে পারেনি। যদিও অমিতাভ ও ধনুষের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল বিভিন্ন মহলে। এবার তাই শুধু অভিনয় নয়, বক্স অফিসেও সাড়া ফেলতে চাইছেন বালকি।