ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৬

 
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। সোমবার  বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের নিমুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- মুক্তাগাছার পাইকড়া গ্রামের জয়নাল আবেদীন (৪৫),একই বাড়ির আঃ ছালাম(৩২), তার মা নবীরন(৫৫) একই গ্রামের তুফানিয়া (৬০), আবুল কাশেম(৬০) ও সিএনজি অটোর চালক মন্টু(৩২)।
 
আহতরা হলেন- জমশেদ, মাসুদ, লুত্ফর, ইকবাল ও মনোয়ারা।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিবাড়ি বাজার থেকে ছেড়ে আসা মুক্তাগাছাগামী একটি অটোরিকশার সাথে বিপরীতমুখী পিকআপের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহতদের মধ্যে থেকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একজন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।