ঝিনাইদহে মানবপাচারকারী গ্রেফতার

ঝিনাইদহ আদালত পাড়া থেকে সোমবার দুপুরে বাদশা মোল্লা নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
 
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, গ্রেফতারকৃত বাদশা মোল্লার বিরুদ্ধে একাধিক মানবপাচারের মামলা রয়েছে। এরমধ্যে রবিবার ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি শৈলকুপা থানায় তার বিরুদ্ধে একটি মানবপাচারের মামলা করেছেন। 
 
তিনি মামলায় অভিযোগ করেন, বাদশা মোল্লা তার ছেলেসহ ৪ জনকে বৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৫ লাখ করে ২০ লাখ টাকা নেয়। কিন্তু সে সাগর পথে তাদের পাচার করে। অবৈধভাবে মালয়োিশয়া যাওয়ার জন্য সেদেশের পুলিশ তাদের গ্রেফতার করে জেলে পাঠায়। জেল থেকে ছাড়া পেয়ে তারা দেশে ফিরে এসেছে। 
 
এসব মামলায় গোপন খবরের ভিত্তি ঝিনাইদহ শহরের আদালতপাড়া থেকে মানবপাচারকারী বাদশা মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।