জেলার রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থক প্রায় ১০জন আহত হয়েছে। এরা হলো, আলম মিয়া (৪৫), মানিক মিয়া (৪০), সোহাগ মিয়া (২০), নূরুল ইসলাম (৪৫), কুদ্দুছ (৩৫) প্রমুখ। আহতদেরকে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পীরপুর নামাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহীর সমর্থক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো. ফায়জুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপি সমর্থক প্রায় ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়জুর রহমান বলেন, ক্ষমতাসিন দলের নেতা মঞ্জুর এলাহীর লোকজন আমার লোকদের উপর হামলা চালিয়ে মারপিট করে এবং আমার পুকুর থেকে মাছ লুট করে নিয়ে গেছে।
মঞ্জুর এলাহী বলেন, ফায়জুরের লোকজন আমার লোকজনের উপর হামলা চালাতে এলে আমার লোকজন তাদেরকে তাড়িয়ে দেয়। এসময় কোন ধরনের আহতের ঘটনা ঘটেনি।মাছ লুটের কথা মিথ্যা।
স্থানীয় ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।