পেট্রোল বোমাসহ নিখোঁজ ছাত্রদল নেতা খোকন আটক

 
 
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে ২৫টি ককটেল ও ১৫টি পেট্রোল বোমাসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ (৩৯) তিনজনকে আটক করেছে র‌্যাব। অন্য দুজন হলেন- ঢাকার গেন্ডারিয়া এলাকার  মো.আলী ভূঁইয়া (২৮) ও খুলনার সোহাগ গাজী (২৭)। খোকনের গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার গ্রামে।
 
র‌্যাব জানিয়েছে, রবিবার রাত ৩ টার দিকে ওই তিনজনকে ২৫টি  ককটেল  ও ১৫টি পেট্রোল বোমাসহ আটক করে র‌্যাব । সোমবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
 
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক খালেদ-উজ-জামান বলেন, সাবেক ছাত্রদল নেতা খোকনের বিরুদ্ধে গত ৮ মার্চ ঢাকার সূত্রাপুর থানা এবং একই তারিখে ঢাকার পল্টন থানায় বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা হয়। ছাত্রদল নেতা খোকন এতদিন পলাতক ছিলেন।
 
খোকনের ভাই আতিকুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, তার ভাই খোকনকে গত মার্চ মাসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢাকার সূত্রাপুর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এর পরে থেকে তার কোন খোজ পাচ্ছিলাম না আমরা। সোমবার জানতে পারি ফরিদপুরে র‌্যাব তাকে উদ্ধার করেছে।