ইউপিডিএফ'র তিন কর্মী হত্যা: মঙ্গলবার রাঙ্গামাটিতে সড়ক অবরোধ

জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে সন্ত্রাসী হামলায় তিনজন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিনজন কর্মী নিহতের ঘটনায় মামলা হয়েছে। রবিবার সন্ধ্যায় নিহত যুদ্ধমনি চাকমার স্ত্রী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ মামলা করে। নিহতদের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
এদিকে গতকাল রবিবার রাঙ্গামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইউপিডিএফ। সমাবেশ থেকে ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
 
এ ঘটনার প্রতিবাদে দলটি আগামীকাল মঙ্গলবার রাঙ্গামাটি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়ে আজ সোমবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মঙ্গলবার রাঙ্গামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।