তিন কর্মদিবস পর ডিএসইর সূচক বেড়েছে


পুঁজিবাজারে সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন কমতে কমতে তিনশ’ কোটি টাকায় নেমে এসেছে।

আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েকদিনে বাজারে টানা দরপতনের ফলে বেশ কিছু কোম্পানির শেয়ার দর অনেক কমে গেছে। দর অনেক কমে যাওয়ায় বিনিয়োগকারীরা এসব শেয়ারকে লাভজনক বিবেচনা করছেন। এজন্য গতকাল বাজারে কিছুটা দর বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৬৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৩৪ লাখ টাকা কম।

লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১০টির কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের।

ডিএসই সূত্রে জানা গেছে,  বুধবার থেকে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। এর আগে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের জন্য ২৭ এপ্রিল তসরিফা ইন্ডাস্ট্রিজের লটারি অনুষ্ঠিত হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার  ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বিএসইসি।

এদিকে বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সিএসইর পাঠানো নোটিশের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।