একমাত্র টেস্টে বৃষ্টির দাপট সত্ত্বেও চোখে লেগেছে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা। সে কারণেই কিনা, কোন সময় নষ্ট না করেই ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ দল। সোমবার ভারতীয় দল যেখানে ছুটির আমেজে দিন কাটিয়েছে, সেখানে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
ভারতীয় ক্রিকেট দল টিম হোটেলে সময় কাটালেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে নেমে কঠোর অনুশীলন করেছেন। দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুরু হয় অনুশীলন। শুরুতে প্রায় ত্রিশ মিনিট ফুটবল খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর ড্রেসিংরুমের সামনে গোল হয়ে দাঁড়িয়ে কোচ হাথুরুসিংয়ের পরামর্শ নেন টাইগাররা। তারপর কাঠের বোর্ডে লেখা পড়ে প্রত্যেকেই ইনডোরে ব্যাট-প্যাড নিয়ে চলে যান। মূলত কাঠের বোর্ডে লেখা ছিল কার কতো মিনিট ব্যাটিং-বোলিং অনুশীলন করতে হবে। প্রত্যেকে সেই শিডিউল মেনে নিজের প্রস্তুতি জোরদার করেন।