রাজধানীর নিউ ইস্কাটন রোডে গাড়ি থেকে গুলি করে দুই জনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত বখতিয়ার আলম রনির মা সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের গাড়িটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনে পিনু খানের সরকারি ফ্ল্যাটের গাড়ি পার্কিংয়ের স্থান থেকে গাড়িটি জব্দ করে। পরে সেটি মামলার আলামত হিসেবে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে রাখা হয়। গত ১৩ এপ্রিল মধ্যরাতে এই গাড়ি দিয়ে যাওয়ার সময় নিউ ইস্কাটন রোডে মদ্যপ অবস্থায় যানজটে বিরক্ত হয়ে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এলোপাতারি গুলি করেছিলেন বখতিয়ার আলম রনি। এতে দৈনিক জনকণ্ঠের অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আবদুল হাকিম নিহত হন। রনির মা পিনু খান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি করেন বখতিয়ার আলম রনি। গুলিতে দৈনিক জনকণ্ঠের অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আবদুল হাকিম নিহত হন। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদি হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। গোয়েন্দা পুলিশ দীর্ঘ অনুসন্ধান শেষে প্রথমে রনির গাড়ি চালক ইমরান ফকিরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির সি/৩ নম্বর ফ্ল্যাট থেকে রনিকে গ্রেফতার করে।