বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে (বিবিআইএন) সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের যোগাযোগমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের আদলে যাত্রীবাহী যানবাহন যেমন: বাস ও প্রাইভেটকার এবং পণ্যবাহী যান এই চারটি দেশের মধ্যে চলাচল করতে পারবে। অর্থাত্ বাংলাদেশ থেকে কেউ চাইলে নিজস্ব গাড়ি নিয়ে কলকাতাসহ ভারতের যেকোনো শহরে যেতে পারবেন, একইসঙ্গে ভারতের ওপর দিয়ে নেপালে বা ভুটানে যেতে পারবেন। চারদেশের মধ্যে এই সংযোগ পরিবহন খরচ কমানোর পাশাপাশি চার দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। গতকাল সই হওয়া চুক্তিটি হলো কাঠামোগত চুক্তি, এরপর এর প্রায়োগিক দিকগুলো নিয়ে পরে প্রটোকল ও মূল চুক্তি হবে। সম্ভাব্য রুটগুলোতে আগামী অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের প্রথমদিকে পরিপূর্ণভাবে যান চলাচল চালু হয়ে যাবে বলে আশা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক বিবিসিকে জানান, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে যেমন, তেমনি ভারত, নেপাল বা ভুটানেরও কোন পর্যটক তাদের নিজস্ব গাড়ি নিয়ে বা বাসে চড়ে বাংলাদেশে বেড়াতে আসতে পারবেন। অবশ্য এজন্য রুট পারমিট দরকার হবে। প্রাইভেট কারের ক্ষেত্রে ভ্রমণের আগে এই রুট পারমিট নিতে হবে, আর নিয়মিত যাতায়াত করবে এমন বাস বা পণ্যবাহী ট্রাকের জন্য অপেক্ষাকৃত দীর্ঘ মেয়াদের জন্য রুট পারমিট পাওয়া যাবে।