গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীকে জরিমানা করে দেয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সঙ্গে শুনানির জন্য মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া সাজার বিরুদ্ধে আপিল বিভাগে একটি আবেদন দায়ের করেন জাফরুল্লাহ চৌধুরী। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচারের স্বার্থে তিনি এই আবেদন করেছেন বলে জানান।
পরে ওই আবেদনের ওপর শুনানি শেষে দুপুরে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে আদেশ দেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জাফরুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আক্তার ইমাম ও রাশনা ইমাম।
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে শাস্তি দেয়ার বিষয়ে বিবৃতি দেয়ায় আদালত অবমাননার অভিযোগে জাফরুল্লাহকে ৫ হাজার টাকা জরিমানা ও এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার আদেশ দেয় ট্রাইব্যুনাল। ১০ জুন ওই রায়ের পর কাঠগড়ায় দাঁড়িয়ে ১ ঘণ্টা সাজা ভোগ করেন দেশের বিশিষ্ট এই নাগরিক।