সাতক্ষীরায় জামায়াতের আমির অস্ত্রসহ গ্রেপ্তার

সাতক্ষীরার কুশখালী এলাকার একটি মহিলা মদ্রাসা থেকে সাবেক এমপি ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
পুলিশের দাবি, মঙ্গলবার সকালে সদর উপজেলার সীমান্তবর্তী খলিলনগর মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে। 
 
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদ শেখ জানান, মাওলানা আব্দুল খালেক মন্ডল তার সহযোগীরা সকালে সাতক্ষীরা সদর উপজেলা কুশখালী ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার পরিকল্পনা করার জন্য গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারের পরপর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
তিনি আরো জানান, মাওলানা আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হত্যা, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হত্যাসহ নাশকতা ও সহিংসতার সর্বমোট ১৫টি মামলার আসামি। 
 
প্রসঙ্গত, এর আগে মাওলানা আব্দুল খালেক মন্ডলকে গত ৮ ফেব্রুয়ারি নাশকতা ও সহিংসতার পরিকল্পনায় গোপন বৈঠক থেকে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি সম্প্রতি আদালত থেকে জামিনে বের হওয়ার পর মঙ্গলবার আবারও সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হন।