মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিলে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।
রায়ে সন্তোষ প্রকাশ করে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য সচিব সাংবাদিক হারুন হাবিব বলেন, এ রায় যুগান্তকারী এবং এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। বুদ্ধিজীবী হত্যায় জড়িত মুজাহিদকে মৃত্যুদণ্ড বহাল থাকায় আমরা সন্তুষ্ট এবং তৃপ্ত।
ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, জাতিকে মেধাশুন্য করার পরিকল্পনা ও ষড়যন্ত্রকারী মুজাহিদকে যথাযথ শাস্তি দেয়ার রায় বিশ্বের ইতিহাসে উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সূর্য সন্তানদের হত্যার দায়ে এ রায় দেশের আইনের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে এ রায়ে আমরা সন্তুষ্ট ও গর্বিত। মুজাহিদের নৃশংসতা আমি নিজ চোখে দেখেছি। মৃত্যুদণ্ডই তার উপযুক্ত শাস্তি।
তিনি বলেন, ‘৭১ সালে নিজামী-মুজাহিদদের আলবদর রাজাকার নেতারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এই রায়ের মাধ্যমে সে বেদনার উপশম হয় না। তবে এতে নিশ্চিয়ই শহীদদের আত্মা শান্তি পাবে।’