রমজান মাসে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সাধারণ নিয়মে রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এর আগে পনেরো রোজার পর থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।
এবার পহেলা রমজান থেকেই বিপণিবিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
প্রতিমন্ত্রী জানান, রমজানে সেহ্রি ও ইফতারের সময় লোডশেডিং হবে না। বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওই সময়ে বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে এসির ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানান তিনি।