সঙ্গীত পরিবারের মেয়ে শুধু নন আলিফ। বলা যায়, বাংলাদেশের সবচেয়ে বর্ণাঢ্য সঙ্গীত বংশের তিনি। নিজেও গানের ক্যারিয়ারে সপ্রতিভ। উপস্থাপনা, গান আর অনুষ্ঠান নির্মাণ নিয়ে নিজস্ব মুন্সিয়ানায় এরই ভেতরে আলাদা ভক্ত তৈরি করেছেন তিনি। এবারে অভিনয়ের খাতায়ও নাম লেখালেন। সেটা নিতান্তই পারিবারিক অনুরোধই বলা চলে। নিজের ভাই শওকত আলী রানা ‘বাকযন্ত্র বিধান’ নামের একটি নাটক লিখেছেন। নাটকটি পরিচালনাও করছেন রানা নিজেই। তবে নিয়মিত অভিনয় করবেন কি-না জানতে চাইলে একেবারে না সূচকই উত্তর মিললো।
নিজের এই পরিচয় বদল প্রসঙ্গে আলিফ বলেন, ‘এটার বিশেষ কোনো কারণ নেই। স্রেফ গল্পটা আমার ভাইয়ের লেখা আর গল্পটাও দারুণ, তাই নিজের কাছেই একটা নতুন অভিজ্ঞতা নেয়া আর কী।’ জানা গেছে, নাটকটির বেশিরভাগ সংলাপ কুমিল্লার আঞ্চলিক ভাষায় লেখা। এর গল্পে আলিফকে আনিসুর রহমান মিলনের ফুপুর চরিত্রে দেখা যাবে। মিলনের সঙ্গে বিয়ে ঠিক হয় মৌসুমী হামিদের। কিন্তু আলিফ ও মৌসুমীর বয়সটাই নানা জটিলতার সৃষ্টি করে। তৈরি হয় হাসির সব ঘটনা। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে।