যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া সচিবসহ আটক ২


জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে যশোর সার্কিট হাউজে অবস্থান করা দুই প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে গেছে আরো একজন।

আটককৃতররা হলেন- টাঙ্গাইল জেলার বাসিন্দা হাসান ও রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা রানা।

যশোরের এনডিসি জানান, সাঈদ মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে যশোর সার্কিট হাউজে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দেন। এ সময় আটক রানাসহ দুইজনকে তার সফরসঙ্গী বলে পরিচয় দেন। তিনি এর আগেও অন্য পরিচয় দিয়ে যশোর সার্কিট হাউজে উঠেন এবং সকল সুবিধা ভোগ করেন। দুই বার দুই রকম পরিচয় দেয়াসহ কথাবার্তায় তাদের সন্দেহ হয়। বিষয়টি তখন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসককে জানানো হয়। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসে বিস্তারিত জানতে চাইলে তারা ভুয়া বলে ক্ষমা চান। এ সময় তাদের সাথে থাকা একজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশে খবর দেয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আক্কাস আলী জানান, জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের অবহিত করলেও ওই দুজনকে আটক করা হয়।