মাঠে গতির ঝড় তুলতে তাসকিন আহমেদ কঠোর পরিশ্রম করে চলেছেন। আর সেই লক্ষ্য পূরণের পথে একটু একটু করে এগুচ্ছেন তরুণ এই পেসার।
মঙ্গলবার অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে এসে ২০ বছর বয়সী তরুণ এই পেসার জানান, ক্রমশ গতি বাড়ছে তার, এখন নিয়মিত গড়ে ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
তিনি বলেন, ‘আগের চেয়ে অনেক বেশি বল করছি। দুই সপ্তাহ আগেও সপ্তাহে ১২০টি বল করতাম। এখন ১৬০টা বল করছি। বোলিংয়ের সঙ্গে অনেক বেশি জিমও করছি।’
গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেকে ৫ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। নিজের বোলিং নিয়ে এখন আরো বেশি পরিশ্রম করে চলেছেন। প্রত্যয়ী এ পেসার এক বছরের মধ্যে নির্বাচকদের চোখে নিজেকে ওয়ানডে দলের ভরসার কেন্দ্রবিন্দুতে নিয়ে যান।
তাসকিন আরো বলেন, ‘আমি প্রতিটি ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। আগের চেয়ে গতিটা বেড়েছে। এখন বোলিংয়ে ১৪০ এর বেশি গড় থাকছে। সেই সাথে ম্যাচের বিভিন্ন রকম পরিস্থিতিতে বল করেছি, এতে অভিজ্ঞতা বাড়ছে। এই সময়ে আমি অনেক কিছু শিখছি।’
ভারতের বিপক্ষে তিন ম্যাচ খেলে ১০ উইকেট নেওয়া এই পেসার জানান, আসন্ন সিরিজে দারুণ এক স্পেলে দলকে জয় এনে দিতে চান তিনি।
ভারতের ব্যাটসম্যানদের প্রতি সমীহের কমতি নেই তাসকিনের। তাদের বিপক্ষে বল করার আগে নিজের বোলিং নিয়ে অনেক ভাবছেন তিনি।