ফের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক সাড়ে চার হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। লেনদেনও কিছুটা বেড়ে চার শ কোটি টাকার বেশি হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন—গত কয়েক দিনে টানা দরপতনের ফলে অনেক কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে আসায় বর্তমানে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তাই অনেক কোম্পানির শেয়ারদর বেড়েছে। লেনদেনও বেড়েছে কিছুটা।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ বেড়ে ৪ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১০ বেড়ে ১ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৯১ কোটি ৯১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৩ বেড়ে ১৩ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯১ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর।