জয় হাতছাড়া হলো স্বাগতিক বাংলাদেশের। ম্যাচে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু প্রতিপক্ষ তাজিকিস্তান শেষ সময়ে প্রতিপক্ষ বাংলাদেশের জালে ব জড়িয়ে দেয়। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধের শুরুতে জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৫তম মিনিটে ফ্রি-কিক থেকে মাপা শটে তাজিকিস্তানকে সমতায় ফেরান ফাথুলেয়ভ ফাথুল্লো।
১-১ গোলের এই ড্রয়ের সুবাদে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় পর্বে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। আগের ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছিল স্বাগতিকরা।
বাংলাদেশ দলের ডাগ আউটের মতো সেরা একাদশেও আসে পরিবর্তন। কিরগিজস্তান ম্যাচে মেজাজ হারিয়ে নিষিদ্ধ হওয়া কোচ লোডভিক ডি ক্রুইফের বদলে ডাগ আউটে দাঁড়ান তার সহকারী সাইফুল বারী টিটো।
শুরুর একাদশে ফরোয়ার্ডে এনামুল হকের জায়গায় জুয়েল রানাকে রাখেন টিটো। কিরগিজস্তান ম্যাচে চোট পাওয়া নাসিরউদ্দিন চৌধূরির বদলে বাংলাদেশের রক্ষণভাগে জায়গা পান তপু বর্মন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে উপভোগ্য ফুটবলের পসরা মেলে ধরে বাংলাদেশ। মামুনুল, জামাল, হেমন্ত- ত্রয়ী মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখায় প্রথমার্ধে ডান দিকে জুয়েলের আক্রমণে যাওয়ার সুযোগ বাড়ে। কিন্তু ফরোয়ার্ডে জুয়েলের মতো জাহিদ হাসান এমিলি আগ্রাসী না থাকায় প্রথমার্ধের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল স্বাগতিকরা কিন্তু জামাল ভূইয়ার ক্রসে জুয়েল হেড করলেও তা পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জাহিদ হাসান এমিলির বাঁ দিক থেকে নেওয়া শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেয় অতিথি দলের এক ডিফেন্ডার।
২৪তম মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ; কিন্তু এমিলি পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারলে আরেকবার হতাশ হয় স্বাগতিকরা। চার মিনিট পর মামুনুলের কর্নারে রায়হান হাসান হেড করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এর একটু পর হেমন্তের জোরালো শট প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে লেগে প্রতিহত হয়।
৩৩তম মিনিটে এমিলি প্রথমার্ধে সেরা সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। বক্সের মধ্যে জুয়েলের বাড়ানো বল ফাঁকা জায়গায় পেয়েও শেখ রাসেল ক্রীড়া চক্রের এই ফরোয়ার্ড তালগোল পাকিয়ে সুযোগটি নষ্ট করেন।
বাংলাদেশের আক্রমণে কোণঠাসা তাজিকিস্তান প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণে যেতে পারেনি।
৫০তম মিনিটে এমিলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার গোলে মামুনুল ও হেমন্তের অবদানই বেশি।
বক্সের বাইরে ইয়াসিন খানকে প্রতিপক্ষের এক ফুটবলার ফাউল করলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুলের ক্রসে হেমন্ত নিখুঁত হেড করার পর শেষ টোকাটা দেন এমিলি।
চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযাগ হারায় বাংলাদেশ। এমিলির বাড়ানো বল বক্সের মধ্যে পেয়েও শট নিতে দেরি হয়ে যায় হেমন্তের।
গোল শোধে মরিয়া তাজিকিস্তানের একটি গোছালো আক্রমণ থেকে ৬২তম মিনিটে বেঁচে যায় বাংলাদেশে। সতীর্থের বাড়ানো বলে জালিলোভের হেড ঠিকানা খুঁজে পায়নি।
পিছিয়ে পড়া তাজিকিস্তান আরেকটি ধাক্কা খায় ৬৭তম মিনিটে। আক্রমণে যাওয়া হেমন্তকে আটকাতে শেষ পর্যন্ত ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অতিথি দলের ডিফেন্ডার আসরোরভ সিয়োভুস।
এর একটু পরই ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ হারায় বাংলাদেশ। এবারও আক্রমণটা তৈরি করে দেন জুয়েল। মোহামেডানের এই ফরোয়ার্ডের ক্রসে এমিলি হেড করলেও তা অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। কিছুক্ষণ পর মামুনুলের তৈরি করে দেওয়া সুযোগটি নষ্ট করেন এমিলি।
৭৫তম মিনিটে বাংলাদেশের রক্ষণে প্রচণ্ড চাপের তৈরি করে তাজিকিস্তান। তবে গোলরক্ষক রাসেল মাহমুদ এবং ডিফেন্ডার রায়হানের দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। এ সময় ফিরতি বলে প্রতিপক্ষের করা আরেকটি আক্রমণও রুখে দেন মামুনুল।
ম্যাচের শেষ দিকে তাজিকিস্তানকে সমতায় ফেরানো গোলটির পেছনেও দায়ী এমিলির অহেতুক ফাউলের। হেড দিতে গিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারকে এমিলি ফাউল করায় বক্সের বাইরে বিপজ্জনক এলাকায় ফ্রি-কিক পায় তাজিকিস্তান। শট নেওয়ার আগে লাইন ছেড়ে এগিয়ে এসে তা রুখতে গিয়ে হলুদ কার্ড পান স্বাগতিক অধিনায়ক মামুনুল। ৮৭তম মিনিটের এই ফ্রি-কিক থেকে মাপা শটে তাজিকিস্তানকে সমতায় ফেরান ফাথুলেয়ভ ফাথুল্লো।
শেষ দিকে জুয়েলকে তুলে নিয়ে এনামুলকে নামান টিটো। শেষ দিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এই ফরোয়ার্ডের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দেন স্বাগতিক গোলরক্ষক রাসেল। শেষ পর্যন্ত ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।