রাজধানীর রামপুরায় গ্রাম থেকে বেড়াতে আসা ১৮ বছর বয়সী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় আরো একজন গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। তার নাম নাইম ওরফে চোরা নাইম (২০)। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে পশ্চিম রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ঘটনায় পরপরই রহমান ও শরীফ নামের আরো দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ১২ জুন রামপুরায় খালা বাড়িতে বেড়াতে আসলে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করা হয়।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান—গত ১২ জুন বৃহস্পতিবার সকালে পশ্চিম রামপুরায় খালার বাসায় বেড়াতে আসেন ধর্ষণের শিকার নারী ও তার স্বামী। খালা তাদের বাসায় রেখে কাজে বের হন। এর পরপরই স্থানীয় বখাটে যুবক মইন, আরিফ ও ফরহাদসহ ১০-১২ জন ওই বাসায় ঢুকে তারা সত্যিকারে স্বামী-স্ত্রী কি না, তা জানতে চেয়ে মারধর করে। এ সময় বখাটেরা দম্পতির একটি সোনার হার, একটি মোবাইল ফোন সেট ও ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে মেয়েটিকে পাশের কক্ষে নিয়ে চার বখাটে পালাক্রমে ধর্ষণ করে। গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। ঘটনার পরপরই রহমান ও শরীফ নামে দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে ভিত্তিতে রাত আটটার দিকে পশ্চিম রামপুরা থেকে নাইমকে গ্রেফতার করা হয়। পলাতক অন্যদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।