ব্লগার অনন্ত হত্যা: ফটো সাংবাদিক ইদ্রিসের জামিন নামঞ্জুর

 
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেফতার হওয়া ফটো সাংবাদিক ইদ্রিস আলীর জামিন নামঞ্জুর নাকচ করেছে আদালত। বুধবার সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এই আদেশ দেন। আগামী ২৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
 
এর আগে ইদ্রিসের আইনজীবী আব্দুল গাফফার আদালতে জামিন আবেদন করেন।
 
গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঐদিন রাতেই অন্ততের বড় ভাই অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।
 
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল আলম মামলার তদন্তের দায়িত্ব পেলেও পরে সিআইডিকে দায়িত্ব দেয়া হয়।
 
গত ৭ জুন রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় সিআইডি।
 
ঢাকায় সিআইডি সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদের পর গত সোমবার ইদ্রিসকে সিলেটের আদালতে হাজির হয়। বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। আজ ইদ্রিসের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নাকোচ করে দেয়।