বোয়াল ধরার উৎসব

জেলার রাজাপুর উপজেলার সাউথপুরের একটি খাল থেকে এক ঘণ্টায় শতাধিক বোয়াল মাছ শিকার করেছে স্থানীয়রা। বুধবার সকালে  জাঙ্গালিয়ার শাখানদী বাওর খাল থেকে উৎসবমুখর পরিবেশে এসব মাছ শিকার করেন তারা।
 
স্থানীয় তৌহিদুজ্জামান মনির জানান, আনুষ্ঠানিকভাবে দেশীয় পদ্ধতিতে বাওর খালে জাল দিয়ে  গত দুইদিন ধরে বোয়াল মাছ শিকার করেছে তারা। মঙ্গলবার প্রথমবারের মতো ৩০টি বোয়াল ধরা হয়।  বুধবার ভোরে একই খাল থেকে প্রায় এক শ ছোট-বড় বোয়াল মাছ ধরা হয়। একেকটি বোয়ালের ওজন সর্বনিম্ন দুই কেজি থেকে শুরু করে সর্ব্বোচ্চ ১০ কেজি পর্যন্ত। দুইদিনে ধরা এ বোয়াল মাছের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে স্থানীয়রা। IMG0
 
স্থানীয় প্রবীণ কৃষক এছাহাক মোল্লা বলেন, ‘যুগযুগ ধরে আমরা এ খাল থেকে বোয়াল মাছ ধরে আসছি। আষাঢ়ের প্রথম অমাবষ্যার সময় অলৌকিকভাবে এ খালে শুধু বোয়ালমাছেরই আনাগোনা দেখা যায়। এ বছরের বোয়ালের সংখ্যা বিগত দিনের চেয়ে অনেক বেশি।’
 
প্রতি বছর একই সময়ে এ গ্রামে বোয়াল ধরার উৎসবে মিলিত হয় গ্রামের সকল বয়সের মানুষ। এসব বোয়াল গ্রামবাসীর সকলের মাঝে সমানভাগে ভাগ করে দেন তারা।