যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান। আপিলে রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে। মাহিদুরের পক্ষে তার আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার এ আপিল করেন।
আপিলে ৬০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে মোট ৫০০ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে বলে জানান মাহিদুরের আইনজীবী। তবে একই মামলায় আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আফসার হোসেন চুটু ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেননি।
গত ২০ মে ট্রাইব্যুনাল-২ মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়।