জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ঢাকা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মাসুদ আহমদ তালুকদার ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হবেন তিনি।
তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত বৃহস্পতিবার মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। সর্বশেষ গত ২৪শে মে ওই দুই মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। অন্যদিকে ২০১০ সালের ৮ই আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়।