‘এ দেশে আর সামরিক শাসন আসবে না’

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, এ দেশে বারবার সামরিক শাসন এসেছে। অগণতান্ত্রিক সরকার এখন আর এদেশে ক্ষমতাগ্রহণ করার সুযোগ পাবে না। গণতান্ত্রিক সরকারকে বাদ দিয়ে আর সামরিক শাসনও আসবে না।
 
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের রাজস্ব কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অর্পিত সম্পত্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘‘স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীদের অনুসারীরা যারা মনে করেন-এই দেশ আবার পাকিস্তান হবে বা সেই আদলে দেশ চলবে-সেটা কোন দিন হবে না। বৃটিশ গেছে, পাকিস্থান গেছে। তা আর কোনদিন ফিরে আসবে না। এই দেশ চলবে স্বাধীন দেশের সংবিধান ও আইন অনুযায়ী।’’
 
কর্মশালায় জোনাল সেটেলমেন্ট অফিসার, উপ-ভূমি সংস্কার কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চার্জ অফিসার, রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), সদর সহকারী সেটেলমেন্ট অফিসার এবং সহকারী সেটেলমেন্ট অফিসার উপস্থিত ছিলেন।