সাবেক স্বামীর কাণ্ড

৫ কোটি ডলারের মানহানির মামলা খেলেন অ্যামবার

পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান। শিশু-কিশোর এমনকি শিশুমনা বুড়োদেরও দারুণ পছন্দের ছবি এটি। ব্লক বাস্টার এই ছবিটির বেশ কিছু সিক্যুয়াল নির্মিত হয়েছে এবং প্রতিটিই সারা পৃথিবীজুড়ে শত শত কোটি ডলার আয় করেছে। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউডের তারকা অভিনেতা জনি ডেপ (৫৫)। তিনি ছাড়া আর কাউকে ‘ক্যাপটেন জ্যাক স্প্যারো’র চরিত্রে যেন ভাবাই যায় না। মূলত জনি ডেপের কারণেই ‘পাইরেট অব দ্য ক্যারাবিয়ান’-এর এতো নামডাক। অবশ্য এর আগে ‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’, স্লিপি হলোসহ আরো বেশ কয়েকটি ব্লক বাস্টার ছবিতে মুখ্য চরিত্রে দারুণ অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ‘পাইরেটস’-এর পরও আরো বেশ কিছু ব্লক বাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি, পেয়েছেন গোল্ডেন গ্লোব পুরস্কার, এমনকি অস্কার নমিনেশনও পেয়েছেন একটি ছবিতে। তবে কোনোটিই পাইরেটস সিরিজের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি।

সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালো ভালো ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনে জনি বারবারই বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছেন। একের পর এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন, সম্পর্ক ভাঙা, বিয়ে ও ডিভোর্স, মাদকাসক্তি- ইত্যাদি কারণে নিন্দাও কম কামাননি। কয়েক বছর প্রেম করার পর ২০১৫ তে বিয়ে করেছিলেন সুন্দরী মডেল-অ্যাকট্রেস অ্যামবার হার্ডকে। কিন্তু মাত্র দেড় বছর সংসার করার পর সে বিয়েও ভেঙে যায়। অ্যামবার হার্ড জনির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে তাকে ডিভোর্স দেন। আর জনিও তখন চুপচাপ বিষয়টি মেনে নেন এবং অ্যামবারের পাওনা ৭০ লাখ ডলার মিটিয়ে দেন। সেই অর্থের একাংশ অ্যামবার নারী নির্যাতনের বিরোধিতাকারী বিভিন্ন সংস্থা এবং শিশু হাসপাতালে দান করেন।

জনির ডিভোর্সের বিষয়টি এতোদিনে সবাই প্রায় ভুলতেই বসেছিল, কিন্তু গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টে অ্যামবার হার্ডের (৩২) একটি লেখা ছাপা হয় যাতে অ্যামবার ফের সেই পুরনো কাসুন্দি ঘাটেন- তার ওপর জনির মারধরের বর্ণনা দেন। খ্যাতির তুঙ্গে থাকা জনির বিষয়টি আর সহ্য হলো না। তিনি তার সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ এনে অ্যামবারের বিরুদ্ধে গত শুক্রবার একটি মানহানির মামলা ঠুকে দিয়েছেন, ক্ষতিপূরণ দাবি করেছেন ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার। জনি তার স্বপক্ষে বেশ কিছু প্রমাণও তার আইনজীবীর মাধ্যমে আদালতে পেশ করেছেন। জনির দাবি, অ্যামবারের মিথ্যা অভিযোগের কারণে তার ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে, এমনকি তাকে ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের’ পরবর্তী সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে। এখন দেখা যাক, জনি তার হারানো সম্মান পুনরুদ্ধার করে আবারও তার প্রিয় চরিত্র ক্যাপটেন জ্যাক স্প্যারোতে অভিনয় করতে পারেন কিনা।