ফিফার দুর্নীতি কথা জানত সুইস ব্যংকগুলো

 
সুইজারল্যান্ডের এটর্নি জেনারেল মাইকেল লুবার বলেছেন, ফিফা কর্মকর্তাদের দুর্নীতির কথা সুইস ব্যংকগুলো জানত। ঘুষের বিনিময়ে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক নির্ধারণ করার অভিযোগ তদন্ত করছেন তদন্তকারীরা।
 
তদন্ত কর্মকর্তারা ওই দুই বিশ্বকাপ আয়োজনের সাথে সম্পর্ক থাকতে পারে এমন ৫৩ টি সম্ভাব্য মানি লন্ডারিংয়ের ঘটনা তদন্ত করছেন। এর জন্য তারা ফিফার বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে দেখছেন। যুক্তরাষ্ট্রেও বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফার দুর্নীতি নিয়ে আরেকটি তদন্ত চলছে।
 
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। তবে ফিফা কর্মকর্তা ডমেনিকো স্কালা জানিয়েছেন, আয়োজক হওয়ার জন্য ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হলে রাশিয়া ও কাতারকে বিশ্বকাপ আয়োজন করা থেকে বিরত রাখা হতে পারে। তবে দুটি দেশই অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে।
 
গত ২৭ মে দুর্নীতির অভিযোগে ফিফার ছয় কর্মকর্তাকে গ্রেফতার করে সুইজারল্যান্ডের পুলিশ। তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন, মানি লন্ডারিংসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি