টানা ৩ দিন পুঁজিবাজারে সূচক বেড়েছে

 
 
টানা তিন কর্মদিবস ধরে পুঁজিবাজারের সার্বিক মূল্য সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে। 
 
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় সাড়ে চার শ কোটি টাকা। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল প্রথম লেনদেন হওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজের। গ্রামীণফোন ও ইউনাইটেড এয়ারের পর এ কোম্পাটিরই লেনদেন সবচেয়ে বেশি হয়েছে। এ কোম্পানির লেনদেনের প্রভাবে বাজারে লেনদেনের তালিকায় শীর্ষে চলে এসেছে বস্ত্র খাত।
 
বুধবার বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৮৮ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ। অনেক দিন ধরেই বাজারে লেনদেনের শীর্ষে ছিল জ্বালানি খাত।
 
এ দিকে, লেনদেনের প্রথমদিনে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। 
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৪ বেড়ে ১ হাজার ৭৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি। 
 
লেনদেনকৃত ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৭ বেড়ে ১৩ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ১ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি। 
 
লেনদেনকৃত ২২৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
 
এ দিকে, লেনদেনে ডিএসইতে প্রকৌশল খাতের প্রায় ৮৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এ দিনে প্রকৌশল খাতের ৪ কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। অ্যাটলাস বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৪২ শতাংশ। 
 
এ ছাড়া, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের দর ৩ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। ন্যাশনাল টিউবসের দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ২৩ শতাংশ।