শেয়ারবাজারে বিনিয়োগকৃত তহবিল বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করে তা লাভজনকভাবে পরিচালনা করা পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ। ভালো ম্যানেজমেন্টের জন্য সিকিউরিটিজ এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া দরকার।
ডিএসই ট্রেনিং একাডেমী আয়োজিত ১২ দিনব্যাপী পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ এনালাইসিস শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বুধবার ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক মো. শাকিল রিজভী এ সব কথা বলেন।
পরে ডিএসইর পরিচালক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওসমান ইমাম এবং ট্রেনিং একাডেমির উপমহাব্যবস্থাপক হোসেনে আরা পারভিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন—পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি যেমন রয়েছে, তেমনি মুনাফাও রয়েছে। আইনের মধ্যে থেকে জ্ঞান-ভিত্তিক বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ঝুঁকি এড়িয়ে ভালো মুনাফা করা যায়। ভালো মৌল-ভিত্তিক কোম্পানি নিয়ে পোর্টফোলিও গঠন করলে ক্ষতির সম্ভাবনা থাকে, ঝুঁকির মাত্রাও থাকে কম। অনেক ক্ষেত্রে দেখা যায়—বিনিয়োগকারী গুজবের বশবর্তী হয়ে দুর্বল মৌল-ভিত্তিক কোম্পানিসমূহের শেয়ারে অধিক মূল্যে বিনিয়োগ করে সমূহ ক্ষতির সম্মুখীন হন। এ বিষয়ে সচেতন হতে হবে।