‘সোহম এক ছবির কথা অন্য ছবির মহরতে বলতে চাননি’

নবাগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি ব্যাংকক থেকে নতুন একটি ছবির গানের শুটিং করে ঢাকায় ফিরেছেন তিনি। ছবিতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার সোহম। কিন্তু বাংলাদেশে অন্য একটি ছবির মহরতে মিষ্টির সাথে অভিনীত ছবিটি নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। এই না বলার কারণগুলো ও চলচ্চিত্র নিয়ে বিনোদন প্রতিদিনের সাথে কথা বললেন মিষ্টি। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।

 
কাজের ব্যস্ততা?
 
সম্প্রতি সোহমের সাথে ‘আমার প্রেম তুমি’ শিরোনামের ছবির কাজ করে এলাম। সেখানে তিনটি গানের শুটিং করেছি। দেশে ফিরে নতুন আরও একটি ছবিতে শুটিং করবো। এখন একটু অসুস্থ আছি। সুস্থ হলেই কাজে ফিরবো।
 
সম্প্রতি একটি ছবির মহরতে ‘আমার প্রেম তুমি’ ছবিটি নিয়ে কোনো কথা বলেননি সোহম। এর কারণ কী?
 
খবরটি আমি পত্রিকায় দেখে সোহমকে ফোন করেছিলাম। সোহম এক ছবির কথা অন্য ছবির মহরতে বলতে চাননি। সে বললো ‘আমি একটি ছবির কথা অন্য ছবিতে কেন বলবো! আর আমি তো বলিনি আমি সেই ছবিতে কাজ করছি না। শুধু বলেছি ওই ছবি নিয়ে আমি এই মহরতে কিছু বলতে চাই না।’ এই ছিল সোহমের মন্তব্য।
 
ছবিটির পরবর্তী শুটিং কবে?
 
এই বিষয়টি সঠিকভাবে পরিচালক বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি সেপ্টেম্বর মাসে শুরু হবে। সোহম এর আগে সিডিউল দিতে পারবে না। এছাড়া আমাদের সিডিউলগুলো এভাবেই নেয়া হয়েছে।
 
ছবিটি কবে মুক্তি পাবে?
 
হয়তো এই বছরের শেষে ছবিটি মুক্তি পেতে পারে।
 
যৌথ প্রযোজনার ছবিগুলো নিয়ে প্রতিবারই বৈষম্যের বিতর্ক থাকে। এই ছবিটিতেও প্রথম লটের শুটিংয়ে ওপার বাংলার পাল্লাটাই ভারি ছিল। এ প্রসঙ্গে কী বলবেন?
 

আমাদের এই ছবিটিতে প্রায় সমানভাবেই সবকিছু করা হচ্ছে। ছবিতে মোট ৬টি গান থাকবে। প্রথম তিনটি গানের সংশ্লিষ্টরা ওপার বাংলার বেশি ছিল। আর পরবর্তী ৩টি গান বাংলাদেশের ইউনিট থাকবে।