নারী পুলিশ ধর্ষণ: এএসআই কলিমুর রিমান্ডে


রাজধানীতে এক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামী এএসআই কলিমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মহানগর হাকিম মেহের নিগার সুচনা এই রিমান্ড আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলম মিয়া তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১১ জুন রাতে খিলগাঁও থানার পাশ্ববর্তী তিলপাপাড়ার একটি বাসায় ওই নারী কনস্টেবলকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ঐ নারী।

তার বড় বোন গত ১৩ জুন ঢাকার খিঁলগাও থানায় এএসআই কলিমুরসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই নারীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানিয়েছেন।

জানা যায়, চার বছর আগে তার বোনের সঙ্গে কলিমুরের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর কলিমুর ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং তাকে পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। এসব নিয়ে এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে।

ওই ঘটনা নিয়ে স্বামীর বিরুদ্ধে ওই নারী কনস্টেবল আদালতে মামলা করেছিলেন বলেও জানান তার বোন।

বুধবার তাকে কক্সবাজার থেকে আটক করা হয়।