রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের নেতাকে মারধর করার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
চলতি মাসের ১৪ তারিখ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় অবস্থিত যুবদলের কার্যালয়ে ঢুকে একদল যুবক বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে মারধর করে আহত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—ওই ঘটনা তদন্তে বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির সহদপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ ও আসাদুল করিম এবং যুবদলের সহসভাপতি কে এম আই খলিলুর রহমান।