এতিমদের সঙ্গে আজ ইফতার করবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার প্রথম রোজার ইফতার করবেন এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে। রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, খালেদা জিয়া প্রতিবছরই প্রথম রোজায় এতিমদের নিয়ে ইফতার করেন।

 
এদিকে, রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের নেতাকে মারধর করার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। চলতি মাসের ১৪ তারিখ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় অবস্থিত যুবদলের কার্যালয়ে ঢুকে একদল যুবক বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে মারধর করে আহত করেন।
 
বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ঘটনা তদন্তে বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির সহদপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ ও আসাদুল করিম এবং যুবদলের সহসভাপতি কে এম আই খলিলুর রহমান।
 
১ জুলাই এলডিপির ইফতারে
 
থাকবেন খালেদা
 

আগামী ১ জুলাই রাজনীতিক ও পেশাজীবীদের সম্মানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া। গতকাল এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের প্রেস সচিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) রাজদর্শন হলে এই ইফতারের আয়োজন করা হচ্ছে।