টানা তিন কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বাড়ার পর গতকাল বৃহস্পতিবার কিছুটা কমলো। গতকাল উভয় বাজারে সূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত তিন কর্মদিবস টানা দর বৃদ্ধির ফলে কিছু শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে পারছেন। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই বাজারে গতকাল সূচক কমে গেছে।
এদিকে আমান ফিড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার তুলনায় ১২ দশমিক ৬৩ গুণ আবেদন জমা হয়েছে। কোম্পানিটির আইপিওতে ৭২ কোটি টাকার বিপরীতে মোট ৯১০ কোটি টাকার আবেদন জমা হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছে। কোম্পানিটি বাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। এদিকে ডিএসই ও সিএসই জানিয়েছে, অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড। দর বাড়ার কারণ সম্পর্কে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ৩ কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর বেড়েছে ১.৬ টাকা। ১৪ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ১২.৫০ টাকা। ১৭ জুন কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৪.১০ টাকায় গিয়ে দাঁড়ায়।