মিয়ানমার থেকে আরও ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বিজিবি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বিপরীতে সীমান্তের মিয়ানমার অংশে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার। মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের সহকারী পরিচালক চ নাইং।
জানা গেছে, ৩৭ জনের মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।
গত ২১ মে মিয়ানমার উপকূলে পাচারকারীদের একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার। এর মধ্যে ১৫০ জনের পরিচয় যাচাই করে গত ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।
পরে আরও ৩৭ জনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে তাদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।