ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি, উপজেলা কমিটি ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
 
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে সময়মত সম্মেলন আয়োজন করতে না পারায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ থাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা, ঠাকুরগাঁও পৌর ও ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো। 
 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দুই জেলায় নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল হাফিজ রেশিমের নিকট এবং পঞ্চগড় জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের নিকট দেয়ার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
 
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে সময়মত সম্মেলন আয়োজন করতে না পারায় ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে দীর্ঘদিন ধরে সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজের কমিটি না হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগির ত্যাগী ও প্রকৃত ছাত্রদের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে উল্লেখিত কমিটিগুলো গঠন করা হবে।