চরভদ্রাসনে দিনদিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা

ফরিদপুরের চরভদ্রাসনে দিনদিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। যে বয়সে তাদের বই খাতা কলম হাতে স্কুলে যাওয়ার কথা কিন্তু সেই বয়সে ভাগ্যকে মেনে পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার দরুন ভারি ও ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে উপজেলার অনেক হতদরিদ্র পরিবারের শিশুরা।
 
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বাঁচার তাগিদে কেউ ড্যান্টিং কেউ পেইনটিং আবার কেউ গাছ কাটার মতন অনেক ভাড়ি কাজ করতে পিছপা হচ্ছেনা। শিশু শ্রমিক সোহাগ (৯), ফরহাদ (৬) ও মোবারক (৮) এর মতন আরও অনেকের সাথে কথা বলে জানা গেছে তারা সকলেই গরীব ঘরের সন্তান, পিতার অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এরা কেউ কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, রিকশা চালক আবার কেউবা পিতার সাথে মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করে চলেছে। 
 
উপজেলার হাসপাতালের সামনে জ্বালানী লাকড়ি ব্যাবসায়ী মো. ইয়াকুব জানান, অভাবের সংসার আমার, সারাদিন খেটে যে টাকা রোজগার হয় তা দিয়ে চাল ডালই কিনতে পারিনা পোলাপানরে লেখা পড়া করাবো কখন। তাই আমার দুই ছেলে সোহাগ ও ফরহাদ আমাকে কাজে সহযোগিতা করে। 
 
খোঁজ নিয়ে জানা যায়, হত দরিদ্র অনেক পরিবারের পাশাপাশি অনেক স্বচ্ছল পরিবারের অভিভাবকদের উদাসিনতার কারণে উপজেলার অনেক শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করার আগেই ঝরে পড়ছে এবং বেছে নিচ্ছে ঝুঁকিপূর্ণ সব পেশা।