বাগেরহাট সদর উপজেলার পল্লীতে সহকারী এক ঠিকাদারের পরিবারের ৪ জনকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সেহেরীর সময় স্থানীরা অচেতন অবস্থায় সবাইকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর সকালে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অসুস্থরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সহকারী ঠিকাদার আমজাদ আলী (৪৫), তার স্ত্রী সাহিদা বেগম (৩৪), মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী তন্নী (১৪), ছেলে সাকিব (১১)।
গৃহকর্তা আমজাদ আলীর শ্যালক স্থানীয় সুগন্ধী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. শাহজাহান বলেন, সেহরী খাওয়ার সময় পাশের বাড়ির লোকজন ডাকতে গিয়ে দরজা খোলা অবস্থায় দেখতে পায়। তারা তাদের অচেতন হয়ে পড়ে থাকতে দেখ স্বজনদের জানায়। পরে স্বজনরা এসে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তাদের।
আহত একজন জানান, দুর্বৃত্তরা রান্না করা খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে রেখেছিল। রাতের খাবার খাওয়ার পর সকলেই অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে ঘরের টিনের বেড়া কেটে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা সুস্থ হলে বা জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।