খুলনায় ইমরান সজীব আকন্দ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর লবণচরা থানার রূপসার মান্দ্রা খালের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রূপসার মান্দ্রা খাল এলাকায় ইমরান সজীব আকন্দের মাছের ঘের রয়েছে। দুপুর ১২টার দিকে ইমরান একটি মোটরসাইকেলে তার ঘেরে আসে। এ সময় ১০/১২জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, নিহত ইমরান সজিব আকন্দ নিজেও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে তিনি একটি হত্যা মামলায় জেল থেকে জামিনে বের হয়েছেন। তিনি নগরীর গলামারী এলাকার মুহাম্মদনগরের নজরুল ইসলামের ছেলে এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের একজন কর্মী। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ দুপুর ৩টা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।