ঢাবিতে দুর্যোগ ও পরিবেশ বিষয়ক কর্মশালা শুরু

 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশগত নিরাপত্তা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। তিন মাসব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ।
 
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞানের অধিকারী মানুষ দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে পারে। এ ধরনের কর্মশালা সেই ধরনের শিক্ষিত ও সচেতন নাগরিক তৈরিতে সহায়ক হবে।
 
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ব পরিবেশ আন্দোলনে আজ নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেখানে শতকোটি মানুষের স্বপ্নকে বিশ্বব্যাপী একই পরিবারের স্বপ্নরূপে বিবেচিত হচ্ছে। তাই সম্পদ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলা করে পরিবেশ রক্ষা করা আমাদের যৌথ দায়িত্ব।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি শাহীন রেজা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক তৌহিদা রশিদ, সংসদের সাধারণ সম্পাদক সাব্বির হাসান।