মিরপুরে ওষুধ ব্যবসায়ী খুন: সন্ত্রাসী রব গ্রেফতার

 
 
রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাসেল খুনের অসামী সন্ত্রাসী এস এম রব গ্রেফতার হয়েছেন। অপর দিকে গ্রেফতার হওয়া গোলাম কিবররিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রবকে শুক্রবার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হত্যাকাণ্ডে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
 
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন মিয়া জানান—গোপন সংবাদের ভিত্তিতে রবকে গ্রেফতার করা হয়েছে। তার অপর সহযোগী বিহারী টিংকুসহ অন্যাদের গ্রেফতারে অভিযান চলছে।
 
গত ১০ জুন মিরপুর ১১ নম্বর সেকশনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাসেল। নিহতের পরিবারের দাবি চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা রাসেলকে হত্যা করেছে।
 
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রাসেল জানান—ওষুধ ব্যবসায়ী খুনের ঘটনায় এ পর্যন্ত রবসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রবের সহযোগী গোলম কিবরিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে—মিরপুর-পল্লবী ও কাফরুল এলাকার খুন, চাঁদাবাজি, জমিদখলসহ একাধিক মামলার আসামি রব।